টানা কয়েকদিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ার পর অবশেষে রোদের দেখা মিলেছে মুন্সীগঞ্জের গজারিয়ায়। আর সেই রোদকে কাজে লাগিয়ে ভেজা ধান শুকাতে মাঠে-ঘাটে ব্যস্ত সময় পার করছেন কৃষান-কৃষানিরা।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় খেলার মাঠ, রাস্তার পাশ ও বাড়ির আঙিনায় ধান শুকানোর দৃশ্য চোখে পড়ছে।
সরেজমিনে উপজেলার আনারপুরা, টেংগারচর, বালুয়াকান্দি ও আশপাশের এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা ভেজা ধান বিছিয়ে রোদে শুকাচ্ছেন। নারী-পুরুষ সবাই মিলে ধান উল্টেপাল্টে দিচ্ছেন, যাতে দ্রুত শুকিয়ে ঘরে তোলা যায়। তবে রোদ ফিরলেও কৃষকদের চোখেমুখে এখনো দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।
আনারপুরা গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, অনেক কষ্টে ধান কাটছি। টানা বৃষ্টিতে অনেক ধানে পচন ধরেছে। এখন রোদ উঠেছে, তাই শুকাচ্ছি। কয়েকদিন রোদ থাকলে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারতাম। কিন্তু এখনও এক কানি জমির ধান জমিতে আছে। সেই ধান নষ্ট হয়ে গেছে। সংসার কীভাবে চালাবো বুঝতে পারছি না।
বালুয়াকান্দি গ্রামের কৃষক শরিফ হোসেন বলেন, কড়া রোদ উঠেছে, তাই খুশি হয়ে ধান শুকাচ্ছি। কিন্তু ধানের রং নষ্ট হয়ে গেছে। কিছু ধান রক্ষা পেলেও দেনা শোধ করা কঠিন হবে। এখনও খোরাকির ধান ঘরে তুলতে পারিনি। সামনে কী হবে বুঝতে পারছি না।
আনারপুরা ঈদগাহ সংলগ্ন খেলার মাঠে ধান শুকাতে ব্যস্ত ছিলেন কৃষক রহিম উদ্দিন। পা দিয়ে ধান নাড়াতে নাড়াতে তিনি বলেন, এবার পাঁচ কানি জমিতে বোরো আবাদ করেছি। ধান কাটলেও বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। কিছু ধানে পচন ধরেছে। এখন রোদ উঠায় শুকাচ্ছি। কয়েকদিন ভালো রোদ থাকলে কিছুটা স্বস্তি মিলতো।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গজারিয়ায় প্রায় ২ হাজার ৫০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৫০২ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বাকি জমির ধান এখনও মাঠে রয়েছে।সাম্প্রতিক টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় কিছু এলাকায় ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, টানা বৃষ্টির কারণে কিছু নিচু এলাকার ধানে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কৃষকেরা এখন ধান শুকানোর কাজ দ্রুত করছেন। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি যেন দ্রুত ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজও চলমান রয়েছে।
মতামত