মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নদী ভাঙনকবলিত প্রত্যন্ত চরাঞ্চল চরবলাকীতে তীব্র গরমের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় প্রায় ২০ হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর মধ্যেই অতিরিক্ত 'ভূতুড়ে' বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চরবলাকী, ভাটি বলাকী ও শহীদনগর গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম জমাদার, জালালউদ্দীন, রতন মিয়াসহ অন্যরা।
ভুক্তভোগী ও স্থানীয় বক্তারা জানান, দীর্ঘদিন অবহেলিত থাকার পর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পাওয়ার হাউস থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরবলাকী এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল। তবে প্রায় দুই মাস আগে ওই সংযোগে ত্রুটি দেখা দিলে রিভার ক্রসিং সঞ্চালন টাওয়ারের মাধ্যমে বিকল্প সংযোগ দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় চরম ভোগান্তি। বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না বলে তাদের অভিযোগ।
তাদের দাবি, নিয়মিত বিদ্যুৎ না পেলেও মাস শেষে প্রতিটি পরিবারের নামে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। বিদ্যুৎ ব্যবহার না করেও অতিরিক্ত বিল পরিশোধ করতে বাধ্য হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, চরবলাকী গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মসজিদ রয়েছে। দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং আগামী ১ জুলাই শুরু হতে যাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।
এ সময় বক্তারা নদীর তলদেশ দিয়ে যাওয়া বিদ্যুৎ ক্যাবল দ্রুত মেরামত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত 'ভূতুড়ে' বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে গজারিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. আশরাফুল আলম বলেন, সারা দেশের মতো গজারিয়াতেও কিছু লোডশেডিং রয়েছে। তবে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে এ অভিযোগের সঙ্গে আমি একমত নই। চরবলাকী এলাকায় রিভার ক্রসিং টাওয়ারে শাটডাউনের কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
মতামত