মুন্সীগঞ্জের গজারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১০টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। এরই মধ্যে বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে সাজসজ্জা ও আলোকসজ্জার প্রস্তুতি। ফলে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার হোসেন্দী ইউনিয়নে তিনটি, ভবেরচর ইউনিয়নে দুটি, বাউশিয়া ইউনিয়নে একটি, ইমামপুর ইউনিয়নে একটি এবং গজারিয়া ইউনিয়নে তিনটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ১০টি মণ্ডপের মধ্যে ছয়টি স্থায়ী ও চারটি অস্থায়ী।
সরেজমিনে দেখা গেছে, প্রতিমা তৈরির কারিগররা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। বাঁশ, খড় ও মাটি দিয়ে তৈরি কাঠামোয় নিপুণ হাতে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। কোথাও চলছে শেষ মুহূর্তের মাটির কাজ, আবার কোথাও প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ চলছে। পাশাপাশি পূজামণ্ডপ নির্মাণ ও সাজানোর কাজও চলছে পুরোদমে।
প্রতিমা তৈরির কারিগররা জানান, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা কিছুটা বেড়েছে। কাঠামোর উচ্চতা, নকশা ও কাজের ধরন অনুযায়ী প্রতিটি প্রতিমা তৈরিতে খরচ হচ্ছে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। চাহিদা বাড়ায় প্রতিমার দামও কিছুটা বেড়েছে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী মূল দুর্গোৎসব। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। পূজার দিন গুলোতে ১০টি মণ্ডপ ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও আলোকসজ্জায় মুখর হয়ে উঠবে। উৎসব নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মতামত