জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা উদ্বোধন করা হয়েছে।
গতকার মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গজারিয়া পাইলট গার্লস হাই স্কুলের হলরুমে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।
সভায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা বলেন,ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ও মধ্যস্বত্ব ভোগী ছাড়াই সহজে, দ্রুত এবং শতভাগ ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা পেতে পারেন, সেটি নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। নামজারি, খতিয়ানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা দ্রুততম সময়ে নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও ভোগান্তি মুক্ত করতে সরকার ধারাবাহিক ভাবে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করছে। বর্তমানে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে দ্রুত প্রদান করা হচ্ছে। দালালমুক্ত পরিবেশে সরাসরি সরকারি সেবা গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ার, নাজির, বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।##
মতামত