১৯৭১ সালের ৯ মে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা তীরের গ্রামগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় তান্ডব চালিয়েছিল সেই ভয়াল স্মৃতি আর শহীদদের ত্যাগের কথা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে গজারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ‘গজারিয়া ইউনিয়ন শহীদ পরিবার কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, “সেদিন গজারিয়ায় যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল তা যেন এক কারবালার ময়দান। এক দিনে ৩৬০ জন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। প্রশাসন ও বিত্তবানসহ আমাদের সবার দায়িত্ব এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।”
আলোচনা সভায় স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সন্তান আমান উল্লাহ। ১৯৭১ সালে পঞ্চম শ্রেণির ছাত্র থাকা আমান উল্লাহ বলেন, “পাক হানাদার বাহিনী আমার সামনেই বাবা ও আরও তিনজনকে নির্মমভাবে গুলি করে। গুলির আঘাতে তারা ছটফট করছিলেন। সেই মৃত্যুযন্ত্রণা আমি আজও ভুলতে পারি না।”
গজারিয়া ইউনিয়ন শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মো. বিল্লাল হোসেন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম।
অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ১৬০টি শহীদ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলার গজারিয়া ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন গোসাইরচর, নয়নগর, বালুরচর, বাঁশগাঁও জেলেপাড়া, ফুলদী, নাগের চর, কলসেরকান্দি, দড়িকান্দি ও গজারিয়া গ্রামসহ অন্তত ১০টি গ্রামে অতর্কিত হামলা চালায়। নির্বিচারে গুলি চালিয়ে সেদিন ৩শ ৬০ জন সাধারণ মানুষকে হত্যা করা হয় যা গজারিয়ার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন হিসেবে পরিচিত।
মতামত