মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে একযোগে ৭ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যোগদান করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি নবনিযুক্ত চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেক রোগীকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে যেতে হতো। ফলে সময় ও অর্থ দুটোরই অপচয় হতো। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে এখন উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসকের ঘাটতি থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন ৭ জন চিকিৎসকের যোগদানের মাধ্যমে সেই সংকট অনেকাংশে দূর হয়েছে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হওয়ায় রোগীরা এখন উন্নত ও মানসম্মত সেবা পাবেন।
এদিকে নবনিযুক্ত চিকিৎসকরা দায়িত্ব গ্রহণ করে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে স্থানীয় জনগণকে সেবা দেওয়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য,৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সারা দেশে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে গজারিয়ায় এই ৭ জন চিকিৎসকের যোগদান উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত