মুন্সীগঞ্জের গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২০জন। এর মধ্যে ৩৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া তদারকি করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, অভিভাবক প্রতিনিধি সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ১৮৩ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে জয়লাভ করেছেন কুতুব উদ্দিন। এছাড়া ১৭৭ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেন নেয়ামত উল্লাহ , ১৫৯ ভোট পেয়ে ৩য় স্থানে নির্বাচিত হন নূর মোহাম্মদ মোল্লা এবং ১৪৩ ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেন মোঃ আব্দুর রহমান ঠাকুর।
এই ক্যাটাগরিতে পরাজিত প্রার্থীদের মধ্যে মাহফুজ মিয়া ১৩২ ভোট, সাইদুর রহমান ১২৮ ভোট, মোঃ দেলোয়ার হোসেন ১২১ ভোট, মোহাম্মদ শাহাদাৎ হোসেন ৮০ ভোট, নেছার উদ্দিন ৬৩ ভোট এবং আক্তার হোসেন খান ১৪ ভোট পেয়েছেন।
অন্যদিকে, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮২ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন তানিয়া আক্তার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসমিজা বিনতে হারুন পেয়েছেন ১৬৯ ভোট।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যা পৌনে সাতটায় প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান ফলাফল ঘোষণা করেন। নির্বাচন সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবকবৃন্দ ও বিজয়ী প্রার্থীদের ধন্যবাদ জানান তিনি।
ফলাফল ঘোষণার পরে বিজয়ী প্রার্থী কুতুবুদ্দিন বলেন, ' দীর্ঘ ১৭ বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গণতন্ত্রের পথ সুগম হয়েছে। সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চমৎকার একটি নির্বাচন আয়োজন করায় আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।'
মতামত