মুন্সীগঞ্জের শ্রীনগরে চিত্রনায়িকা জাকিয়া মুনের বাসায় চুরির ঘটনায় চোরাইকৃত মালামালসহ পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার (৬ জুলাই) রাত ১টার দিকে থানাধীন দামলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, দামলা এলাকার মো. সামির শেখ (২২), মো. শরীফ মীর (২৫), জসুরগাঁও এলাকার রফিকুল ইসলাম (৩৫) এবং শ্যামসিদ্দি এলাকার ফিরোজ (৪৫)।
পুলিশ জানায়, ভুক্তভোগী রিটন মিয়া অভিযোগ করেন, গত ২৮ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো একসময় তার মালিক চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের বাসা থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর শ্রীনগর থানার এসআই রিপন আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ১টি আইপিএস ব্যাটারি, ১টি আইপিএস মেশিন, ২টি ফ্যান এবং ১টি প্রজেক্টর উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত