মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে একটি খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার মাঠটির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মমতাজ আলো। টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ওয়াজেদ ওয়াসীফ,উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক,সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নির্মিত এই খেলার মাঠ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এই খেলার মাঠ স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করবে এবং ক্রীড়া প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা খেলার মাঠটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাঠটির যথাযথ সংরক্ষণ ও নিয়মিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
মতামত