মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমে জুলাই মাসের সেরা ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ধীপুর ইউনিয়ন পরিষদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লার হাতে সেরা ইউনিয়নের সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতিস চন্দ্র পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি মো. মাসুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম রন্টি, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদগুলোতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জুলাই মাসে গ্রাম আদালতের কার্যক্রমে সেরা নির্বাচিত হওয়ায় ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।
মতামত