মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমে জুন ২০২৬ মাসের সেরা ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে আড়িয়ল ইউনিয়ন পরিষদ।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা।
সভায় ইউএনও তাহমিনা আক্তার বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রতি মাসে কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে সেরা ইউনিয়ন নির্বাচন করা হবে। নির্বাচিত ইউনিয়নকে সম্মাননা স্মারকও দেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানায়, জুন ২০২৬ মাসে গ্রাম আদালতে পাঁচটি মামলা গ্রহণ এবং চারটি মামলা নিষ্পত্তি করায় আড়িয়ল ইউনিয়ন পরিষদকে সেরা ইউনিয়ন হিসেবে নির্বাচন করা হয়েছে।
পরে ইউএনও তাহমিনা আক্তার আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হাওলাদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা গ্রহণ শেষে চেয়ারম্যান মো. দুলাল হাওলাদার বলেন, ‘গ্রাম আদালতের কার্যক্রমে আড়িয়ল ইউনিয়নকে সেরা নির্বাচিত করায় উপজেলা প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করব।’
সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, এ ধরনের স্বীকৃতি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মতামত