মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে কৃষিজমি ভরাটের দায়ে সোহেল মোল্লা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কুকরাদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার ব্যবহার করে কৃষিজমি ভরাটের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় সোহেল মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় টঙ্গীবাড়ি থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও জমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত