মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে দুই স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে ড্রেজার মেশিন ও পাইপলাইন পাওয়া গেলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদী এলাকা এবং মূলচর ইউনিয়নের নিতিরা এলাকার বাঘবাড়ি মাদ্রাসাসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুই স্থানে ড্রেজার মেশিন ও পাইপলাইন দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। তবে ড্রেজার স্থাপন ও বালু দিয়ে জমি ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে সেখানে থাকা ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়।
অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরী।
এ বিষয়ে রেজোয়ানা চৌধুরী বলেন, “অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তন আইনবিরোধী। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে এ ধরনের কাজে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত