মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারে দুধের বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় বাজার তদারকির অংশ হিসেবে দুধের বাজার, গরুর মাংসের দোকান ও ফলের দোকানে এ মনিটরিং করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন। মনিটরিং চলাকালে দুধে ভেজাল আছে কি না তা পরীক্ষা করা হয় এবং বাজারমূল্য যাচাই করা হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি দুধ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
দুধ বিক্রেতা মোবারক শেখ বলেন, অনেক সময় তাদের ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে দুধ বিক্রি করতে হয়। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে খামারিরা দুধ উৎপাদনে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলেও তিনি উল্লেখ করেন।
ক্রেতা লুৎফর রহমান জানান, তিনি নিয়মিত ১ কেজি দুধ কেনেন। তবে রমজান মাসে তা বেড়ে ২ কেজি হয়। সাধারণ সময়ে এখানে ৭০ থেকে ৮০ টাকায় দুধ বিক্রি হলেও রমজানে চাহিদা বাড়ায় বর্তমানে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
গোখাদ্য বিক্রেতা আনোয়ার হোসেন বেপারী বলেন, রমজান শুরুর আগেই গোখাদ্যের দাম বাড়তে শুরু করে এবং কোরবানির ঈদের পর কিছুটা কমে। এ কারণে খামারিরাও তুলনামূলক বেশি দামে দুধ বিক্রি করেন।
মনিটরিংকালে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি আনসার ও ভিডিপির আড়িয়ল ইউনিয়ন দলনেতা অনিক শেখ, সাংবাদিক হাবিবুর রহমানসহ বাজারের ক্রেতা-বিক্রেতারা।
মতামত