মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ড্রেজার দিয়ে অবৈধভাবে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে অপসারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা চৌধুরী।
অভিযানকালে বেতকা ইউনিয়নের কুন্ডের বাজার সংলগ্ন নদীর তীর, আউটশাহী ইউনিয়নের তস্তিপুর, আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের চাষী-বালিগাঁও মসজিদ সংলগ্ন এলাকা, কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া, নিতিরা ও নশংকর এবং ধীপুর ইউনিয়নের মটুকপুর এলাকায় সরেজমিনে অভিযান চালানো হয়।
এ সময় কয়েকটি স্থানে অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন করে বালু দিয়ে জমি ভরাটের কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থলে ড্রেজার মেশিন ও পাইপও পাওয়া যায়।
অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন ও বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। প্রতিটি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে জব্দ করা ড্রেজার মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।
টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত