মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ পাইকপাড়া এলাকার ছাপরা মসজিদ সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া এলাকার নুরুল হক বেপারীর ছেলে মাসুম বেপারী (৪৭), খিলপাড়া এলাকার জয়নাল দেওয়ানের ছেলে আনিছুর রহমান দেওয়ান (৪৫) এবং গাইবান্ধা জেলার খাঘুয়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মোঃ তোতা মিয়ার মেয়ে শারমিন বেগম (২৯)। শারমিন বর্তমানে নারায়ণগঞ্জের সৈয়দপুর পূবালী কয়লাঘাট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, টঙ্গীবাড়ি থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দক্ষিণ পাইকপাড়া এলাকার ছাপরা মসজিদ সংলগ্ন আসাম মাসুম বেপারীর বসতবাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় ১২০ পিস ইয়াবাসহ উক্ত ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আসামিদের মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মতামত