মুন্সীগঞ্জের গজারিয়ায় টিনের বেড়া দিয়ে ৭-৮টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেড়া অপসারণ করলে স্বাভাবিক হয় চলাচল। ঘটনাটি উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে।
জানা যায়, পুরান বাউশিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আতাউর রহমান গংদের সঙ্গে একই এলাকার আব্দুল হক ভাসানীর দীর্ঘদিন ধরে সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রায় দুই মাস আগে চলাচলের রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন আব্দুল হক ভাসানী। এতে ৭-৮টি পরিবারের সদস্যরা চরম ভোগান্তিতে পড়েন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।
স্থানীয়রা জানান, এই পথটি দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শুধু পরিবারের সদস্যরাই নয়, পাশের জামে মসজিদের মুসল্লিরাও চলাচলে বিঘ্নের মুখে পড়েন। জমি ও মসজিদের জায়গা নিয়েও উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে বলে জানান তারা।
ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য জানান, তাদের পূর্বপুরুষ প্রায় ৩ শতাংশ জমি রাস্তার জন্য দলিল করে দেন। সেই থেকে তারা এই পথ ব্যবহার করে আসছেন। হঠাৎ টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে তাদের অনেক দূর ঘুরে চলাচল করতে হচ্ছে। এমনকি সম্প্রতি এক মৃত ব্যক্তির লাশও এই পথ দিয়ে নেওয়া সম্ভব হয়নি, বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করে দাফন সম্পন্ন করতে হয়েছে।
গজারিয়া থানায় অভিযোগকারী ফারজানা বেগম বলেন, আমরা বহু বছর ধরে এই পথ দিয়ে যাতায়াত করছি। হঠাৎ করে প্রতিপক্ষ বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয়। এতে আমরা ঘর থেকে বের হতেও সমস্যায় পড়ি। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করি। পুলিশ এসে রাস্তা থেকে বেড়া অপসারণ করে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল হক ভাসানীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানার এসআই রুবেল বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে চলাচলের পথ অবরুদ্ধ করার সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিক ভাবে টিনের বেড়া অপসারণ করা হয়েছে। উভয় পক্ষকে আইনানুগ ভাবে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত