মুন্সীগঞ্জের গজারিয়ায় দুপুরে হঠাৎ নেমে আসা ঝুম বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বিশেষ করে কৃষক-কৃষাণী, এসএসসি পরীক্ষার্থী ও দিনমজুররা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়ে চলাচলে বিঘ্ন ঘটে।
গতকাল রোববার সকাল পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকায় অনেক কৃষক মাঠে নেমে বোরো ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। কেউবা কাটা ধান ঘরে তুলে মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ দুপুরের বৃষ্টিতে সেই কাজ থমকে যায়। অনেক ক্ষেতেই পাকা ধান মাঠেই পড়ে থাকে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
নয়াকান্দি গ্রামের কৃষক মোতালেব দেওয়ান বলেন, সকাল থেকে ধান কাটতেছি। হঠাৎ বৃষ্টি শুরু হইলো। এখন ধান ভিজে গেলে অনেক ক্ষতি হইবো। কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, ঠিকমতো ঘরে তুলতে পারতেছি না।
আরেক কৃষাণী রেহেনা বেগম বলেন,
ধান কেটে রাখছি, শুকানোর সুযোগ পাই না। বৃষ্টির জন্য সব ভিজে যাচ্ছে। এখন যদি নষ্ট হয়, তাহলে আমাদের বড় ক্ষতি।
এদিকে দুপুরে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টিতে ভিজে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। অনেকেই প্রস্তুতি ছাড়াই বের হওয়ায় মাঝপথে ভিজে যান। কেউ আশ্রয় নেন দোকান বা আশপাশের ভবনে। ছাতা থাকা সত্ত্বেও তীব্র বৃষ্টিতে পোশাক ও জুতা ভিজে যাওয়ায় ভোগান্তি কমেনি।
জাকির হোসেন নামে এক পরীক্ষার্থী জানায়, পরীক্ষা শেষে বের হয়েই বৃষ্টিতে পড়েছি। রাস্তা ভিজে, কাদা হয়ে গেছে। অনেক কষ্টে বাড়ি ফিরতে হয়েছে।
শ্রমজীবী মানুষও পড়েছেন চরম বিপাকে। দিনমজুর রফিকুল ইসলাম বলেন, বৃষ্টির জন্য কাজ বন্ধ। আয় নাই, ঘরে বসে থাকতে হইতেছে। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।
এদিকে বিভিন্ন গ্রামীণ সড়ক, ভবেরচর
বাজার সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে। অনেক স্থানে কাদা ও পানি জমে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।
হঠাৎ বৃষ্টিপাতে স্বস্তির বদলে উদ্বেগই বেড়েছে কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে মাঠে থাকা পাকা ধান দ্রুত ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, বৃষ্টিপাতের কারণে বোরো ধান কাটার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। কৃষকদের প্রতি আমাদের পরামর্শ যত দ্রুত সম্ভব পাকা ধান কেটে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে এবং শুকানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পলিথিন বা ত্রিপল ব্যবহার করে ধান ঢেকে রাখা যেতে পারে।
তিনি আরও বলেন,যেসব জমিতে পানি জমে আছে, সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি, যাতে বৃষ্টিজনিত ক্ষতি কমানো যায়।##
মতামত