মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি এ দণ্ড প্রদান করেন।
এর আগে ভোররাতে স্থানীয়দের সহযোগিতায় ধলেশ্বরী নদীর মধ্যবর্তী চর থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রলারের মাধ্যমে পরিবহনের সময় চারটি ট্রলার আটক করে পুলিশ ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদীর মাঝের চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসী যৌথভাবে ট্রলারগুলো আটক করে।
পরে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে হাজী বেলায়েত বাউল (৪৫)-কে অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি জানান, আটক ট্রলারগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত