মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামের সরকার বাড়ি সংলগ্ন খালের ওপর নির্মিত একটি সেতু নির্মাণের দুই বছর না যেতেই দেবে যায়। এতে সরকারের প্রায় ৩২ লাখ টাকার প্রকল্প কার্যত অকার্যকর হয়ে পড়ে। বন্যার পানির প্রবল স্রোতে ছয় বছর আগে সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে সেতুর একাংশ ধসে পড়লেও এখন পর্যন্ত সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে কয়েক শতাধিক মানুষকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে বড় কালীপুরা-তনু সরকার কান্দী সড়কের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন খালের ওপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ৩২ লাখ ৪১ হাজার ৪৩৬ টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুটির এক প্রান্ত ওপরে উঠে গেছে, অপর প্রান্ত নিচে দেবে গেছে। বিভিন্ন স্থানে কংক্রিট খসে রড বের হয়ে আছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা সেতুটি দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ছয় বছর আগে বন্যার সময় সেতুটি ভেঙে যায়। এরপর থেকে আমাদের অনেক পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত নতুন সেতু নির্মাণ করা হলে এ ভোগান্তির অবসান হবে।
বড় কালীপুরা সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী আছমা আক্তার বলেন, সেতু না থাকায় সময়মতো বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয় না। অনেক ঘুরে যেতে হয়। একটি সেতুর অভাবে পুরো এলাকার মানুষ পিছিয়ে পড়ছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম বলেন, স্থানীয় জনগণের যাতায়াতের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে সেতুটি নদী সংলগ্ন এলাকায় হওয়ায় পুনর্নির্মাণের জন্য যথাযথ কারিগরি পরিকল্পনা প্রয়োজন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
মতামত