মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন ও রিকাবি বাজার মাছের আড়তে অভিযান চালিয়ে একটি কারখানা ও পরিবহনরত অবস্থায় একটি যানবাহন থেকে আনুমানিক দুই লাখ বর্গ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১১ টা পর্যন্ত সময়ে পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অপরদিকে কারেন্ট জাল উৎপাদন কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, অভিযানকালে পরিবহনরত অবস্থায় একটি যানবাহন থেকে ৩০০ কেজি ও একটি কারেন্ট জাল উৎপাদন কারখানা থেকে আনুমানিক ৬০ কেজিসহ মোট ৩৬০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আয়তন হিসেবে ৩৬০ কেজি জালে আনুমানিক ২ লক্ষ বর্গ মিটার হবে। জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। এছাড়া উপজেলার রিকাবি বাজার মাছের আড়তে অভিযান চালিয়ে জাটকা, জেলি মিশ্রিত চিংড়ি, পিরানহা, পাঙ্গাস পোনা, আফ্রিকান মাগুরও পাওয়া যায়নি। তবে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানর সার্বিক তত্ত্বাবধানে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আহসান হাবিব। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কর্মচারীগণ অভিযানে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন।
মতামত