মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরো কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় মাত্র দুইজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। মেদিনী মন্ডল গালর্স কলেজে মীম আক্তার ও লামিয়া আক্তার নামে দুইজন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এতো অল্প সংখ্যক শিক্ষার্থী দিয়ে কলেজ পরিচালনায় কলেজটির শিক্ষার মান ও কলেজ পরিচালনা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে উপজেলা জুড়ে।
বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে জানা যায়, মেদিনীমণ্ডল গার্লস কলেজ লৌহজং উপজেলার একমাত্র মহিলা কলেজ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এটির অবস্থান। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হলেও এটির অস্তিত্ব এখন বিলীন হতে চলেছে। আইসিটি কক্ষসহ চারতলা ভবন থাকলেও কোনো বছর ৫/৬ জন, কোনো বছর সর্বোচ্চ ১০-১৫ জন ছাত্রী নিয়ে চলছে কলেজটি। চারজন স্থানী শিক্ষক ও দুইজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। ছাত্রীদের বিনা বেতনে পড়ানো হয়। এরপরও কলেজটি শিক্ষাবিস্তারে দিনকে দিন পিছিয়ে পড়ছে। তবু কলেজটির অধ্যক্ষ রোজিনা আক্তার বছরের পর বছর প্রতিষ্ঠানটির হাল ধরে রেখেছেন। কিন্তু জোড়াতালি দিয়ে চলা কলেজের উন্নতিকল্পে প্রশাসন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিল্পপতিদের কোনো উদ্যোগ নেই।
পদ্মাপাড়ে মনোরম পরিবেশে, চমৎকার লোকেশনে অবস্থিত কলেজটির সম্ভাবনা সত্ত্বেও কেউ রক্ষা করতে এগিয়ে আসছেন না। লৌহজংয়ে ১২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিবছর এসব বিদ্যালয় থেকে কমপক্ষে ৫০০-৬০০ ছাত্রী এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়। এসব ছাত্রী উপজেলার সরকারি লৌহজং কলেজ, ইউনুস খান মেমোরিয়াল কলেজ, কলমা লক্ষ্মীকান্তপুর হাই স্কুল এন্ড কলেজ, পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার সরকারি শ্রীনগর কলেজ কিংবা ঢাকার কলেজগুলোতে ভর্তি হয়।
মেদিনীমণ্ডল ইউনিয়নে অবস্থিত, সে ইউনিয়নেই তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছর ১৫০-২০০ জন ছাত্রী পাস করে বের হয়। কিন্তু এসব ছাত্রীও এ কলেজে ভর্তি হতে চায় না। এমনকি কলেজ লাগোয়া আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পাস ছাত্রীরাও এখানে ভর্তি হতে অনিচ্ছুক। কারণ, কলেজটিতে শিক্ষকের অভাব ও শুধু মানবিক শাখা চালু রয়েছে।
খোঁজ নিয়ে আরও জানা যায়, ১৯৯৩ সালে দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামের জলিল হাওলাদার নামে একজন শিক্ষানুরাগী নারীদের শিক্ষা বিস্তারে এক একর জমি দান করেন। ১৯৯৪ সালের ২১ নভেম্বর স্থানীয় সাবেক সংসদ সদস্য ইউং কমান্ডার (অব.) এম হামিদুল্লাহ খান বীরপ্রতীককে প্রতিষ্ঠাতা সভাপতি করে কলেজের কার্যক্রম শুরু হয়। ঢাকা কলেজের তৎকালীন ইংরেজি বিভাগের চেয়ারম্যান এম এ রশিদ ছিলেন প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। তখন ৪০ জন ছাত্রী নিয়ে পাঠদান শুরু হয়। ১৯৯৭ সালের এপ্রিল থেকে ২০০০ সালের মে পর্যন্ত মো. শাহজাহান মিয়া অধ্যক্ষ ছিলেন। পরে ২০০৫ সালে প্রভাষক রোজিনা আক্তারকে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ পূর্ণ অধ্যক্ষ পদে নিয়োগ দেন। অধ্যক্ষ রোজিনা আক্তারকে নিয়ে স্থানীয়দের মধ্যে দুধরনের মনোভাব রয়েছে।
একপক্ষ মনে করেন, রোজিনা আক্তার আছেন বলে কলেজটি এখনও টিকে আছে, নইলে এতদিনে কলেজের দরজা-জানালাও অবশিষ্ট থাকতো না। অন্যপক্ষের মতে, রোজিনা আক্তারের অধ্যক্ষ হওয়ার যোগ্যতা নেই। তিনি আছেন বলেই স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিল্পপতিরা এগিয়ে আসছেন না। রোজিনা আক্তারের বিষয়ে অনেকের ইতিবাচক মনোভাব নেই।
গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারও কলেজটির দিকে সুনজর দেয়নি। স্থানীয় আওয়ামী লীগ নেতারা রোজিনা আক্তার বিএনপির সাবেক এমপি এম হামিদুল্লাহ খানের অনুসারী এবং বিএনপিপন্থী তকমা দিয়ে তাঁকে এড়িয়ে চলেছেন। এ কারণে টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিল্পপতি ওসমান গনী তালুকদারও কলেজটির শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসেননি। এমনকি সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলিও কলেজটি থেকে মুখ ফিরিয়ে নেন।
স্থানীয় শিক্ষানুরাগী প্রবীণ আবদুল লতিফ খান জানান, তিনি কলেজটির প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠাতা হামিদুল্লাহ খান বীর প্রতীকের সঙ্গে মিলে অর্থ সংগ্রহ করেছেন। সে সময় ১৪ লাখ ৬০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। তিনি প্রশ্ন করেন কোথায় গেল? আরেক প্রবীণ ব্যক্তি মোতালব চৌধুরী বলেন, কলেজটিকে বাঁচাতে হলে একটি শক্তিশালী ম্যানেজিং কমিটি দরকার। সেই সঙ্গে একটি বড় আর্থিক তহবিল গঠন করা প্রয়োজন।
সরজমিনে আরও দেখা যায়, মূল ফটকে লেখা কলেজের নাম মুছে গেছে। সীমানাপ্রচীর ঘেরা কলেজটি জঙ্গলসম গাছপালায় ভরে গেছে। জনশূন্য কলেজটি ভূতুড়ে মনে হয়। মূল প্রবেশদ্বারে ঢুকতেই ডানপাশে ছোট একটি পুকুর রয়েছে।
কলেজের অধ্যক্ষ রোজিনা আক্তার জানান, তিনিসহ চারজন স্থায়ী শিক্ষক, দুইজন খণ্ডকালীন শিক্ষিকা, ১২ জন শিক্ষার্থী ও একজন আয়া নিয়ে চলছে কলেজটির কার্যক্রম। তবে এ বছর ৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা ছিলো। ৫ জন ব্যক্তিগত সমস্যার কারণে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। গত ২০২৪ সালে চারজন এইচএসসি পরীক্ষা দিয়ে একজন পাশ করেছে এবং ২০২৫ সালে সাতজন এইচএসসি পরীক্ষা দিয়ে পাঁচজন পাস করেছে।
অধ্যক্ষ আরও জানান, এতকিছুর পরেও প্রতিবছর নির্ধারিত ফি দিয়ে কলেজের ১১টি পাঠ্য বিষয়ে স্বীকৃতি সনদ নবায়ন করা হচ্ছে। প্রশাসনিক ও স্থানীয় গণ্যমাণ্যদের সহযোগিতা পেলে আমাদের কলেজের প্রাণ ফিরে পেতো।
লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা আক্তার বলেন, কলেজের পরিচালনা কমিটি সক্রিয় হলে কলেজটি দাঁড়িয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাজানা ববি মিতু বলেন, কলেজটি যেহেতু বেসরকারি। অতএব, কলেজটি বেসরকারি ব্যবস্থাপনায় চলবে। তবে কলেজ পরিচালনায় কোথাও বাধাপ্রাপ্ত হলে আমরা দেখবো। সে সাথে সরকারিভাবে আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করবো। শিক্ষার মন উন্নয়নসহ সকল উন্নয়ন কাজে সরকার রয়েছে।
মতামত