সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অবহেলা না করে উপযুক্ত সুযোগ-সুবিধা প্রদান করলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
গতকাল শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজে এখনো কিছু সংকীর্ণ মানসিকতা বিদ্যমান, যা পরিবর্তন করা জরুরি। কোনো পরিবারে প্রতিবন্ধী শিশু জন্ম নিলে অনেক সময় সমাজ তাদের আলাদা করে দেখে, এমনকি মায়ের ওপরও দোষারোপ করা হয়। এ ধরনের মানসিকতা পরিহার করে সবাইকে মানবিক আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদেরও মেধা ও কর্মক্ষমতা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারেন। দেশের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও কর্মদক্ষতার প্রমাণ দিচ্ছে। তাই কোনো প্রতিবন্ধী পরিবার যেন সমাজে অবহেলা বা বৈষম্যের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম প্রমুখ।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম খান ভিপি মাসুম, ইসহাক আলী, মাসুদ ফারুকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী পাঁচজন অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
মতামত