মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ইমামপুর ইউনিয়নের এ বিদ্যালয়ে মহড়াটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন স্টেশনের কর্মকর্তা মো. ফিরোজ মিয়া। দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীদের আগুন লাগার কারণ, আগুনের বিস্তার ও ভয়াবহতা, এবং দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
মহড়ায় শিক্ষার্থীদের হাতে-কলমে দেখানো হয় অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া যায়, কীভাবে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, এবং অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার। পাশাপাশি জরুরি মুহূর্তে আহত বা বিপদগ্রস্ত সহপাঠীকে উদ্ধারের কৌশলও অনুশীলন করানো হয়।
শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে অগ্নি নির্বাপক যন্ত্র চালনা, সতর্ক সংকেত প্রদান, ধোঁয়ার মধ্যে নিরাপদ পথ খুঁজে বের করা এবং অন্যকে সহায়তা করার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেয়। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ কর্মশালাকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তোলে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন প্রশিক্ষণ আয়োজন করা হলে শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বাড়বে এবং জরুরি সময়ে তারা নিজেরা যেমন সচেতন থাকবে, তেমনি অন্যদেরও সহায়তা করতে পারবে।
অগ্নি নিরাপত্তা নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মতামত