মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্রীড়া চর্চার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে একটি ফুটবল ম্যাচের মধ্য বিরতিতে মাদকবিরোধী সমাজ গড়ার অঙ্গীকার ও প্রায় পাঁচ শতাধিক তরুণের উপস্থিতিতে শপথ গ্রহণ করা হয়েছে।
উপজেলার আনারপুর খেলার মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হাজারো দর্শকের উপস্থিতিতে মাদকবিরোধী এ অঙ্গীকার ব্যক্ত করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাসুদ ফারুক।
খবর নিয়ে জানা যায় জানা যায়, স্থানীয় যুবসমাজকে মাদকের করাল থাবা থেকে রক্ষা করতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আনারপুরা ফুটবল ফেডারেশন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় আনারপুরা খেলার মাঠে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৩য় ম্যাচে বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব বনাম গাজী দেলোয়ার হোসেন আলম ফুটবল একাডেমির মুখোমুখি খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্য বিরতিতে মো. মাসুদ ফারুক উপস্থিত পাঁচ শতাধিক তরুণ-যুবককে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে মাসুদ ফারুক বলেন, 'যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে ক্রীড়াচর্চার বিকল্প নেই। খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না বরং মাদক ও অনৈতিক কাজ থেকে যুবসমাজকে দূরে রাখে। গজারিয়াকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।'
উপজেলা ছাত্রদল নেতা প্রকৌশলী কাউসার আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার জালাল রীমু। বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, মহিউদ্দিন আহমেদ এবং যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।#
মতামত