মুন্সীগঞ্জের গজারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন, প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, গজারিয়া থানার ওসি তদন্ত সাব্বির হোসেন, গজারিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারকে সঠিক ভাবে চিহ্নিত করে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। এ লক্ষ্যে মাঠপর্যায়ে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং শতভাগ নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
মতামত