বর্ষাকাল মানেই কৃষকের জন্য নানা প্রতিকূলতা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও রোগবালাইয়ের প্রকোপে এ সময়ে অনেক ফসলের উৎপাদন ব্যাহত হয়। বিশেষ করে মরিচের মতো সংবেদনশীল ফসল বর্ষায় চাষ করা বেশ ঝুঁকিপূর্ণ। তবে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে সেই ঝুঁকিকেই সম্ভাবনায় পরিণত করেছেন মুন্সীগঞ্জের গজারিয়ার কৃষক নুরুল আমিন। পলি মালচ প্রযুক্তি ব্যবহার করে বর্ষাকালেও মরিচ চাষ করে ভালো ফলন ও আশানুরূপ দাম পাচ্ছেন তিনি।
উপজেলার টেংগারচর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামের কৃষক নুরুল আমিনের মরিচখেতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি গাছে ঝুলছে কাঁচা ও পাকা মরিচ। জমির অধিকাংশ অংশ সবুজে ছেয়ে আছে। জমিতে ব্যবহার করা হয়েছে পলি মালচ। এর ফলে অতিবৃষ্টির মধ্যেও গাছের গোড়ার মাটি অনেকটা সুরক্ষিত রয়েছে।
কৃষক নুরুল আমিন জানান, বর্ষাকালে মরিচ চাষে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছ নষ্ট হওয়া, রোগবালাইয়ের প্রকোপ বাড়া এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকায় আগে তিনি এ সময়ে চাষ করতেন না।পরে উপজেলা কৃষি অফিসের পরামর্শে পলি মালচ প্রযুক্তির বিষয়ে জানতে পারেন। ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় নিজের জমিতে এ প্রযুক্তি ব্যবহার করে বর্ষাকালে মরিচ চাষ শুরু করেন তিনি।
তিনি বলেন, আগে মনে করতাম বর্ষাকালে মরিচ চাষ করা সম্ভব নয়। কিন্তু পলি মালচ প্রযুক্তি ব্যবহার করে বুঝতে পেরেছি, সঠিক পদ্ধতি অনুসরণ করলে এ সময়েও ভালো ফলন পাওয়া যায়। বর্ষাকালে বাজারে মরিচের দামও তুলনামূলক ভালো থাকে। ফলে অল্প জমিতে চাষ করেও ভালো লাভ করতে পারছি। স্বাভাবিক মৌসুমের তুলনায় এবার আমার আয়ও বেড়েছে।
স্থানীয় কৃষকদের মধ্যে বর্ষাকালে মরিচসহ উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহ বাড়ছে। নুরুল আমিনের জমিতে পলি মালচ প্রযুক্তির সফলতা দেখে অনেকেই এ পদ্ধতিতে চাষে আগ্রহী হচ্ছেন। এতে অল্প জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়তি আয় করা সম্ভব বলে জানান তারা।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, বাজারে কোনো ফসলের চাহিদা বেশি, কিন্তু সরবরাহ কম থাকলে সেটি কৃষকের জন্য বড় অর্থনৈতিক সুযোগ তৈরি করে। তবে বর্ষাকালে মরিচের মতো সংবেদনশীল ফসল চাষে স্থান নির্বাচন, পানি নিষ্কাশন, রোগবালাই ব্যবস্থাপনা, উন্নত জাত নির্বাচন এবং সঠিক কৃষি প্রযুক্তি অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। একটি সফল প্রদর্শনী দেখে অন্য কৃষকরাও প্রযুক্তিটি গ্রহণে আগ্রহী হচ্ছেন।
মতামত