মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাস স্ট্যান্ড-রসুলপুর আঞ্চলিক সড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ব্রিজের ওপর দুই পাশে গড়ে ওঠা অস্থায়ী ভ্রাম্যমান দোকানের কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের দু’পাশে ফলমূল, সবজি ও বিভিন্ন পণ্যের দোকান বসায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে পথচারীদের চলাচলের জায়গা কমে গেছে। তারমধ্যে রোগীবাহী এম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন দীর্ঘ সময় যানজটে আটকে পড়ছে। এতে জরুরি সেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অপরদিকে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্কদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্রিজ এলাকায় মানুষের ভিড় থাকায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আল আমীন নামে এক পথচারী বলেন, ব্রিজের ওপর দোকান বসার কারণে হেঁটে যাওয়ার জায়গা থাকে না। মোটরসাইকেল ও অটোরিকশা পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আরেক এক নারী পথচারী নাজনীন সুলতানা জানান, বাস স্ট্যান্ড হওয়ায় সারাদিনই মানুষের ভিড় থাকে। তার মধ্যে ব্রিজের ওপর বাজার বসানো ঠিক নয়। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, প্রভাবশালী মহলকে টাকা দিয়ে তারা ব্রিজের ওপর ব্যবসা করছে। প্রায় সময় প্রশাসন ও পুলিশ অভিযান চালিয়ে উচ্ছেদ করলেও কয়েক ঘণ্টা পরই আবার দোকানিরা ব্রিজের ওপর বসে পড়েন। ফলে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
সবজি ব্যবসায়ী মনির হোসেন বলেন, আমরা কাউকে টাকা দিয়ে এখানে বসি নাই। পুলিশ উঠিয়ে দিলে আমরা চলে যাব।
স্থানীয় সচেতন মহল দ্রুত ভ্রাম্যমান দোকান অপসারণ ও বিকল্প স্থানে বাজার ব্যবস্থার দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ব্রিজ বা সড়কের ওপর কোনো ধরনের অবৈধ দখল বরদাস্ত করা হবে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
মতামত