ভাদ্রের তীব্র রোদ আর ভ্যাপসা গরমে এক গ্লাস ঠান্ডা আঁখের রস কিংবা এক টুকরো তাজা আঁখে স্বস্তি খুঁজছেন মানুষ। শরৎকাল শুরু হলেও ভাদ্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। এই গরমে পথচারী ও স্থানীয়দের স্বস্তি দিতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের সিরাজদীখান-নিমতলা সড়কের পাশে জমে উঠেছে আঁখের হাট।
সড়কের এক পাশে সারি বেঁধে বসেছে প্রায় ১০টি আঁখের দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিষ্টি আঁখের সুবাস, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক ও বেচাকেনায় মুখর থাকছে পুরো এলাকা।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দানিয়াপাড়া গ্রামে সরেজমিনে দেখা যায়, ভাদ্রের তীব্র রোদ উপেক্ষা করে সড়কের পাশে নীল-লাল কাপড়ের ছাউনি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে তাজা আঁখের আঁটি। বিক্রেতারা ব্যস্ত আঁখ ছাঁটাই ও কাটাকাটিতে। অন্যদিকে গরম থেকে একটু স্বস্তি পেতে ক্রেতারা দরদাম করে কিনে নিচ্ছেন পছন্দের আঁখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিরাজদীখান উপজেলায় ১৮৯ হেক্টর জমিতে আঁখের চাষ হয়েছে। গত মৌসুমে এর পরিমাণ ছিল ১৮৩ হেক্টর। অর্থাৎ গতবারের তুলনায় এবার ৬ হেক্টর বেশি জমিতে আঁখ চাষ হয়েছে।
মান ও আকারভেদে প্রতি পিস আঁখ বিক্রি হচ্ছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। কম দামে টাটকা ও পছন্দসই আঁখ পাওয়ায় স্থানীয় পথচারীদের পাশাপাশি দূর-দূরান্তের মানুষও এখান থেকে আঁখ কিনে নিয়ে যাচ্ছেন।
আঁখ কিনতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, কাজের প্রয়োজনে বাইরে বের হয়ে রোদে একদম হাঁপিয়ে উঠেছিলাম। সড়ক দিয়ে যাওয়ার সময় তাজা আঁখ খেতেই যেন প্রাণ ফিরে পেলাম।
আরেক ক্রেতা মো. সাইদুল হক বলেন, একই জায়গায় পাশাপাশি অনেকগুলো দোকান থাকায় দেখেশুনে কেনার সুযোগ থাকে। ক্ষেতের টাটকা আঁখ পাওয়া যায় বলেই নিয়মিত এখান থেকে কিনে নিই।
দানিয়াপাড়ার আঁখ বিক্রেতা মো. জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল থেকেই তাজা আঁখ সাজিয়ে বেচাকেনা শুরু হয়, যা চলে সন্ধ্যা পর্যন্ত। গরমের তীব্রতা যত বাড়ছে, বিক্রিও তত বাড়ছে। দিনভেদে বেচাকেনায় কিছুটা তারতম্য হলেও লাভ ভালো হওয়ায় আমরা সন্তুষ্ট।
কয়েকজন বিক্রেতা জানান, জমি থেকে আঁখ তুলে এনে সড়কের পাশে রাখা হয়। এ পথ দিয়ে যাতায়াতের সময় মানুষ তাজা আঁখ দেখে পছন্দ করে কিনে নিয়ে যান। একদিকে দাম তুলনামূলক কম, অন্যদিকে মান ভালো হওয়ায় বিক্রিও ভালো হচ্ছে। গত বছর এ স্থান থেকে ২০ লাখ টাকার বেশি আঁখ বিক্রি হয়েছিল। এবারও এর চেয়ে বেশি বিক্রির আশা করছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সিরাজদীখানের মাটি আঁখ চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে চিবিয়ে খাওয়া জাতের আঁখের চাষ এখানে বেশি হয়। আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি অফিসের নিবিড় তদারকির কারণে এবার ফলন বেশ ভালো হয়েছে। ভাদ্রের এই খরতাপে বাজারে আঁখের চাহিদাও প্রচুর। ন্যায্য দাম পাওয়ায় চাষি ও মৌসুমি ব্যবসায়ী—দুই পক্ষই লাভবান হচ্ছেন।
মতামত