মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুরমা এলাকায় পিচঢালা সড়ক কেটে ড্রেজারের পাইপ বসিয়ে বালু ভরাট কাজের অভিযোগ উঠেছে নামধারী বিএনপি নেতাদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অনুমতি ছাড়াই সড়ক কেটে প্রায় আট ইঞ্চি ব্যাসের প্লাস্টিকের পাইপ স্থাপন করে ইছামতী নদীতে আনলোড ড্রেজার বসিয়ে বালু ভরাটের কাজ পরিচালনা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে,মিরকাদিম পৌরসভার মুরমা-দিঘীরপার পিচঢালা সড়কের একটি অংশ কেটে পাইপ বসানো হয়েছে। পাইপটি মিরকাদিম পৌরসভার জাজিরা কোল্ডস্টোরেজ-সংলগ্ন ইছামতী নদী পর্যন্ত নেওয়া হয়েছে। নদীর পাশে ড্রেজারের আনলোডও স্থাপন করা হয়েছে। এর ওই এলাকার একাধিক জমিতে বালু ভরাট করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ- মিজান ও আল-আমিন নামে দুই ব্যক্তি এ কার্যক্রম পরিচালনা করছেন। তারা নিজেদের বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেন বলেও স্থানীয়দের দাবি।
মিরকাদিম পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব মাহমুদ বলেন, আমি দীর্ঘ ৩০ বছরেও বিএনপির কোনো সভা-সমাবেশে তাদের দেখা যায়নি। তারা কখনোই বিএনপি করে নাই। মূলত জমি ব্যবসা ও বালু ভরাটের কাজের জড়িত তারা।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপির নামধারী কর্মী মো. মিজান বলেন, আমরা দুইজনে মিলে কাজ করছি। পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি জানে। তবে, রাস্তা কাটার অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান- রাস্তাটি ভাঙাচোরা, তাই রাস্তা কাটার জন্য কোনো অনুমতি নেননি।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থে নির্মিত পিচঢালা সড়ক কাটার অনুমতি না নিয়েই কীভাবে সেখানে ড্রেজারের পাইপ বসানো হলো। তারা বিষয়টি তদন্ত করে পিচ ঢালাই রাস্তা কাটার অনুমতি ও ড্রেজার পরিচালনার বৈধতা যাচাইসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমি বিষয়টি খোঁজ খবর নিয়ে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
মতামত