মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় মিরকাদিম পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর সচেতনতা সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পৌরসভা সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশীদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: শহিদুল হক ও শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালালউদউদ্দিন সহ অন্যরা।
মতামত