একসময় মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর-এর গ্রামবাংলার সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র ছিল কাচারিঘর। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, বিচার-সালিশ, খাজনা আদায়, সামাজিক বৈঠক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হতো এসব কাচারিঘরে। কিন্তু আধুনিকতার ছোঁয়া, অবহেলা এবং সংরক্ষণের অভাবে জেলার বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী কাচারিঘর আজ হারিয়ে যেতে বসেছে।
সরেজমিনে সদর, টঙ্গীবাড়ি, শ্রীনগর, সিরাজদীখান ও লৌহজং উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বহু পুরোনো কাচারিঘর ভেঙে পড়েছে কিংবা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও টিনের চালা নেই, কোথাও কাঠের খুঁটি পচে গেছে। আবার কিছু কাচারিঘর দখল হয়ে গুদামঘর বা গবাদিপশু রাখার স্থানে পরিণত হয়েছে।
স্থানীয় প্রবীণদের ভাষ্য, জমিদার ও প্রভাবশালী পরিবারের উদ্যোগে নির্মিত এসব কাচারিঘর একসময় ছিল প্রাচীন বিক্রমপুরের গ্রামীণ সমাজব্যবস্থার প্রাণকেন্দ্র। গ্রামের মাতবর ও গণ্যমান্য ব্যক্তিরা এখানে বসে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতেন। সেই সঙ্গে অনুষ্ঠিত হতো সাংস্কৃতিক ও ধর্মীয় নানা আলোচনা।
মুন্সীগঞ্জ সদর উপজেলার এক প্রবীণ বাসিন্দা মো. আওলাদ হোসেন বেপারী বলেন, আমাদের ছোটবেলায় কাচারিঘর ছিল গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। মানুষ বিচার চাইতে আসত, সামাজিক সিদ্ধান্ত হতো। এখন সেসব শুধু স্মৃতি হয়ে গেছে।
ইতিহাস সচেতন ব্যক্তিরা বলছেন, কাচারিঘর শুধু একটি স্থাপনা নয়; এটি বাংলার গ্রামীণ সমাজ ও প্রশাসনিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন। এসব স্থাপনা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের দাবি, জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ঐতিহাসিক কাচারিঘরের তালিকা প্রণয়ন করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে এগুলোকে চিহ্নিত করার দাবিও জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সংরক্ষণ কার্যক্রম শুরু না হলে মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ কাচারিঘর একসময় শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়বে।
মতামত