মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের চলমান ও প্রস্তাবিত খাল খনন কার্যক্রমের অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন খাল খনন ও পুনঃখনন প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার, খাল দখল ও দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং খালগুলোর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
তিনি খালগুলোর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরকে চলমান খাল খনন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ, অগ্রগতি মূল্যায়ন এবং নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জেলার জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, নৌপথের সচলতা এবং পরিবেশ সংরক্ষণে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মুন্সীগঞ্জের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুবিনুর রহমান। এছাড়াও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।
মতামত