মুন্সীগঞ্জে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে গীতা জয়ন্তী স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মুন্সীগঞ্জের শ্রী শ্রী জগন্নাথ দেব জিউর মন্দিরের পরিচালনায় কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়কালী মাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি পবিত্র শংকর চ্যাটার্জি কাজল। এছাড়াও মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গীতা জয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় ভক্তবৃন্দ সম্মিলিতভাবে গীতা পাঠ ও হোম-যজ্ঞে অংশগ্রহণ করেন। ধর্মীয় আলোচনা ও শাস্ত্র পাঠের মাধ্যমে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ও দর্শন নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, শ্রীমদ্ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানব জীবনের নৈতিকতা, কর্তব্যবোধ ও আত্মশুদ্ধির এক অনন্য দিশারী। এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে প্রায় দুই সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন এই ধর্মীয় আয়োজন মুন্সীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
মতামত