মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে তা না পেয়ে তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২২-ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দরগাবাড়ি মাজার সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী মোহাম্মদ আলী চারজনকে অভিযুক্ত করে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- মিরকাদিম পৌরসভার দক্ষিণ রহমতপুর এলাকার মেহেদী হাসান (২২), সোহেল (৪৫), পায়েল (২৭) এবং গোয়ালগুন্নি এলাকার আল-আমিন (২৮)।
মোহাম্মদ আলী (৫৫) মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। গত বছর তিনি চাকরি থেকে অবসর নেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের (৩০-ডিসেম্বর) দক্ষিণ রামগোপালপুর এলাকায় নিজ বাড়িতে ভবন নির্মাণকাজ শুরু করেন তিনি। এ সময় স্থানীয় মেহেদী হাসান ও তাঁর সহযোগীরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ভুক্তভোগী ২০ হাজার টাকা দিতে রাজি হলেও অভিযুক্তরা নির্মাণকাজ বন্ধ ও বাড়ি ভাঙচুরের হুমকি দিতে থাকেন। চাঁদা দিতে বিলম্ব হওয়ায় গত রোববার বিকেলে তাঁর ছোট ছেলে মো. সাগর (২২) মোটরসাইকেলে যাওয়ার সময় অভিযুক্তরা তাঁর গতিরোধ করেন এবং তাঁকে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও গলার চেইন ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, হামলাকারীরা চলে যাওয়ার সময় চাঁদা না দিলে বাবা-ছেলেকে হত্যার হুমকিও দেন। এর আগেও গত বছর একই পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে, যা নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আহত সাগর বলেন, দরগাবাড়ি মোড়ে আমার মোটরসাইকেলের গতিরোধ করে মেহেদী হাসান। কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর করে এবং মোবাইল, টাকা ও চেইন নিয়ে যায়।
অবসরপাপ্ত ভুক্তোভোগী মোহাম্মদ আলী বলেন, আমার কাছে চাঁদা চাওয়াতে আমি ২০ হাজার টাকা রাজি হই। টাকা দিতে দেরি হওয়াতে মেহেদী হাসান আমার ছেলে মারধর করে মোবাইল চেইন ছিনিয়ে নিয়ে গেছে। ওরা আগে আওয়ামী লীগ করতো- চাঁদাবাজি করে মাদক সেবন করে। আগেও আমার পরিবারের উপর হামলা চালায় ওরা, ওই ঘটনায় আমার ভাতিজা এখনো চিকিৎসা নিচ্ছেন। আমি ওদের বিচার দাবী করছি।
অভিযোগের বিষয়ে জানতে মেহেদী হাসান সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত পায়েল সাথে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি জানান, মোহাম্মদ আলী কাকার সাথে জমি সংক্রান্ত বিষয়ে আমাদের ঝামেলা রয়েছে। ঝগড়ার দিন আমি ঢাকাতে অবস্থান করছিলাম। শুনেছি মেহেদী সাথে ঝগড়া হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত