মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল।
গতকাল শনিবার বিকেলে জেলার ছয়টি উপজেলা, শহর সহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় জড়ো হন। পরে সেখানে সমবেত নেতাকর্মীদের অংশগ্রহণে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কাচারি হয়ে লিচুতলা পতাকা একাত্তর ভাষ্কর্য প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদাত মানু, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রোমান হোসেনসহ জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল বলেন, “আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাত্রদল কখনো সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি বিশ্বাস করে না। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং দেশ গঠনে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছি। নতুন কমিটির নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।”
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রোমান হোসেন বলেন, “ছাত্রদল সবসময় মানবতার কল্যাণে কাজ করে। শিক্ষা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে। আমাদের সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।”
নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মতামত