মুন্সীগঞ্জ জেলার অতি পুরনো ঠোঙ্গা শিল্প বর্তমানে বিলুপ্তির পথে। এক সময় এ শিল্পের সঙ্গে ১০ থেকে ১২ হাজার পরিবার জড়িত ছিলো। অনেক পরিবার এ শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতো। দিনযাপন
করতো সচ্ছল ভাবে। এ শিল্পকে ঘিরে মুন্সীগঞ্জ সদর উপজেলার কমলাঘাট,রিকাবীবাজার, কাগজীপাড়া, মস্তান বাজার, ফিরিঙ্গি বাজারসহ জেলার ৬টি উপজেলার বিভিন্ন স্থানে ঠোঙ্গার বাজার গড়ে উঠেছিল। প্রতিদিন এ বাজার গুলোতে কম করে হলেও দুই শ’ মন ঠোঙ্গা বেচাকেনা
হতো। সারাদিন ঠোঙ্গা ক্রেতা-বিক্রেতাদের কোলাহল ছিল চোখে পড়ার মতো। কালের বির্বতনের সাথে সাথে আজ এই ঠোঙ্গা শিল্প বিলুপ্তির পথে।
ফলে এ পেশায় নিয়োজিত লোকজন এ শিল্পের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেছে। তারা অন্য পেশায় যুক্ত হয়ে পড়েছে। বর্তমানে এ পেশায় নিয়োজিত পরিবারে সংখ্যা ৫শ’ থেকে এক হাজারে নেমে এসেছে। ফলে অতি পুরনো এ ঠোঙ্গা শিল্পের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ পেশার সঙ্গে জড়িত মিরকাদিম পৌরসভার মস্তান বাজারের ব্যবসায়ী বৃদ্ধ ফরিদ হোসেন জানান, গত ৪০ বছর ধরে তিনি ঠোঙ্গা শিল্প ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে বৃদ্ধ হয়ে যাওয়ায় ছেলে মাসুদ রানা ব্যবসা দেখাশুনা করছেন। ৬০ জন মহিলা কর্মচারীর নিয়ে এ ঠোঙ্গা শিল্প ধরে রেখেছেন। নারায়নগঞ্জের ডিগবাবুর বাজার, মুন্সীগঞ্জ সদর বাজার ও মুন্সীরহাট বাজারে বিভিন্ন দোকানে ঠোঙ্গা বিক্রি করে থাকেন। এক হাজর বড় ঠোঙ্গা ৪শ’ টাকা, মাঝারি ধরনের ৩শ’টাকা ও ছোট আকারের ঠোঙ্গা এক হাজার ২শ’ টাকায় বিক্রি করে থাকেন।
তিনি বলেন, এক সময় এই ঠোঙ্গা শিল্পে অনেক ব্যবসায়ী জড়িত থাকলেও পুঁজির স্বল্পতা, উৎপাদন খরচ বৃদ্ধি ও উৎপাদিত ঠোঙ্গার সঠিক বাজার মূল্য না পাওয়া, পুরুষ শ্রমিকের অভাব এবং পলিথিনের ব্যাগের ছড়াছড়ির কারনে এ ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় জড়িত হয়ে পড়েছেন। বর্তমানে মস্তান বাজার এলাকার মজিবর মিয়া, ফিরোজ হোসেন, আমির হোসেন ও বারেক বেপারীসহ ৬ থেকে ৭ জন ঠোঙ্গা শিল্পের ব্যবসায় জড়িত আছেন।
এছাড়া ফিরিঙ্গি বাজার এলাকায় দুই থেকে তিন জনসহ জেলার ৬টি উপজেলার কয়েক শতাধিক ব্যবসায়ী এ পেশা ধরে রেখেছেন। মূলত এসব কারনে ঠোঙ্গা শিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে।
মতামত