মুন্সীগঞ্জ সদর উপজেলার চর বেহেরপাড়া গ্রামে একটি বিয়ে বাড়িতে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইদ্রিস আলী মালত বুধবার মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে লিটু খান, জামির মোল্লা, দাদন ঢালী, আবুল ঢালী, তুহিন খান, রুবেল খানসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, আসামিরা প্রথমে বিয়েবাড়ি থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এসময় ঘরে থাকা নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন সন্ত্রাসী বিয়েবাড়িতে প্রবেশ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় অতিথিরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বেই এ হামলা ও লুটপাট সংঘটিত হয়েছে। এতে বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়।
এ প্রসঙ্গে অভিযুক্ত লিটু খান সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।”
স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত