মুন্সীগঞ্জের সদরের বণিক্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪ টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সোমবার দুপুর পোনে দুইটার দিকে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বণিক্যপাড়া এলাকায় মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওসমান ঢালী অটো ওয়ার্কশপের সামনে থেকে মো. মুরছালিন (২৮) ও সাহাবুদ্দিন (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত- মুরছালিন ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং সাহাবুদ্দিন মুন্সীগঞ্জ পৌরসভার গণকপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। তাদের কাছ থেকে ১৬০ পিস ইস্কাফ উদ্ধার করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
মতামত