মুন্সীগঞ্জে বাজারে বিক্রি হওয়া ‘ডাক’ ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলে পরিমাণ ও মূল্য নিয়ে বিভ্রান্তির অভিযোগ উঠেছে। একই ব্র্যান্ডের ৯০০ মিলি ও ১ লিটার, আবার ১৮০০ মিলি ও ২ লিটার লেখা পৃথক বোতল একসঙ্গে বাজারে বিক্রি হওয়ায় ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকের অভিযোগ, কম পরিমাণ তেলও প্রায় সমমূল্যে বিক্রি হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রোববার মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন খুচরা দোকান ঘুরে দেখা যায়, ৯০০ মিলি ‘ডাক’ সয়াবিন তেল ১৯৫ টাকা এবং ১ লিটার বোতল ২০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ১৮০০ মিলি বোতল ৩৯০ টাকা ও ২ লিটার বোতল ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
ভোক্তাদের অভিযোগ, একই কোম্পানির পণ্যে ভিন্ন ভিন্ন পরিমাপের বোতল বাজারজাত করা হলেও অনেক ক্রেতা বিষয়টি বুঝতে না পেরে প্রায় একই দামে কম তেল কিনছেন। এতে তারা প্রতারিত হচ্ছেন বলে মনে করছেন।
মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. নাজির হোসেন নামে এক ক্রেতা জানান, তিনি ১৮০০ মিলি লেখা একটি বোতল ৩৯০ টাকায় কিনেছেন। পরে ওজনের বিষয় সন্দেহ হওয়ায় ৯০০ মিলি ও ১৮০০ মিলি বোতল ডিজিটাল মাপক যন্ত্রে পরীক্ষা করেন। তার দাবি, বোতলসহ পরিমাপ করে তিনি ঘোষিত পরিমাণের চেয়ে কম তেল পেয়েছেন। এতে তিনি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে কয়েকজন ক্রেতা বলেন, বাজারে একই ব্র্যান্ডের ৯০০ মিলি ও ১ লিটার কিংবা ১৮০০ মিলি ও ২ লিটারের বোতল একসঙ্গে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। পণ্যের পরিমাণ ও মূল্য সম্পর্কে আরও স্পষ্ট তথ্য প্রদর্শনের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
মুন্সীগঞ্জ পৌরসভার ‘ডাক’ সয়াবিন তেলের ডিলার মো. তৌহিদ এ বিষয়ে বলেন, বাজারে কোম্পানির পক্ষ থেকে দুই ধরনের পরিমাণের বোতল সরবরাহ করা হয়। খুচরা বিক্রেতাদেরও সে অনুযায়ী মূল্য সম্পর্কে জানানো হয়। তিনি জানান, ৯০০ মিলি বোতল পাইকারি ১৭৬ টাকা এবং ১ লিটার বোতল ১৯৩ টাকায় বিক্রি করছেন তারা।
তবে ভোক্তাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে জেলা পর্যায়ের ডিলারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন তিনি।
'ডাক' সয়াবিন তেল মুন্সীগঞ্জ জেলার ডিলার মো. জিল্লুর রহমানের সাথে একই পোডাক্ট দুইরকম করে বাজারজাত করা হচ্ছে, আমরা ঠকছি? এ প্রশ্নে তিনি বলেন, আপনি সাংবাদিক আমি কেমনে বলমু। আপনাকে আমি দ্বাইত্ব দিছি নাকি মাপে ঠিক নেই, ছবি পাঠাবেন। পরে পরিমাপের সঠিক দিচ্ছেন এমন প্রশ্নে ফোন কেটে দেন।
এদিকে- ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পণ্যের মোড়কে উল্লেখিত পরিমাণ ও প্রকৃত পরিমাণের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা গুরুতর বিষয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদন্ত করা উচিত।
ভোক্তাদের দাবি, বাজারে বিক্রি হওয়া বোতলজাত ভোজ্যতেলের পরিমাণ ও মূল্য নিয়ে বিভ্রান্তি দূর করতে দ্রুত নজরদারি জোরদার করা হোক এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, একই ডিলারের পোডাক্ট দুরকমের লেখা হতে পারেনা। আমরা ডিলার পয়েন্টে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্হা গ্রহন করবো।
মতামত