মুন্সীগঞ্জ সদর উপজেলার রজতরেখা নদীর ওপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ। নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি।

সদরের ভিটি হোগলা, টরকী, ফুলতলা, বাঘাইকান্দি, আলীরটেক, চরমশুরাসহ আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা বর্তমানে একটি নৌকা। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ ইঞ্জিনবিহীন ট্রলারে করে নদী পারাপার করেন। বর্ষা মৌসুমে এ পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
রজতরেখা নদীর তীরবর্তী টরকী মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়, টরকী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই পারাপারে বিঘ্ন ঘটে, ফলে অনেক শিক্ষার্থী সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না।
এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রজতরেখা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবীসহ কয়েকটি গ্রামের কয়েক শতাধিক বাসিন্দা। এ সময় শিক্ষার্থীদের হাতে সেতু নির্মাণের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত রজতরেখা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন বলেন, “একটি সেতুর অভাবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই তারা বিদ্যালয়ে আসতে পারে না। নদী পার হতে অনেক সময় লাগে। বর্ষা মৌসুমে তাদের বিদ্যালয়ে আসা আরও কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই অতি দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানাই।”
টরকী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, “এই সেতুটি নির্মিত হলে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রা অনেক সহজ হবে। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. মাসুম বলেন, “আমরা ছোটবেলা থেকেই এখানে একটি সেতুর দাবি শুনে আসছি। সেতুর অভাবে প্রায় ১৫টি গ্রামের মানুষ প্রতিদিন দুর্ভোগে পড়ছেন। আমরাও ছাত্রজীবনে নদী পারাপারের কারণে অনেক সময় নিয়মিত ক্লাস করতে পারিনি।”
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সফিকুল ইসলাম, নাসির মোল্লা, কবির সরকার, নাজিমউদ্দীন সরকার ও হুমায়ুন মোল্লা।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এলাকাবাসী। এ সময় তারা একটি নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত