মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহরী এলাকায় প্রবাস ফেরত ইলিয়াস মাঝির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ডহরী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ৭ জুন নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ইলিয়াস মাঝির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তিনি টানা দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় লৌহজং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে নিহতের বাবা দুলাল মাঝি বলেন, ইলিয়াস ও তার স্ত্রী আলাদা বাসায় থাকতেন। তাদের বাড়ির দেয়ালের পাশেই স্ত্রীর বাবার বাড়ি। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে বিরোধ হতো। প্রবাসে উপার্জিত টাকা তিনি স্ত্রীর কাছেই রাখতেন। দেশে ফিরে সেই টাকা চাইলে বিরোধ আরও বেড়ে যায়।
নিহতের মা লায়লা বেগম বলেন, প্রায় ছয় মাস আগে টাকার বিষয় নিয়ে ইলিয়াসকে তার স্ত্রীর ভাইয়েরা মারধর করেছিলেন। তার দাবি, ইলিয়াস আত্মহত্যা করেননি; তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি ইলিয়াসের স্ত্রীকে দায়ী করেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে না দেখে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করতে হবে। তারা দ্রুত রহস্য উদঘাটন করে দায়ীদের শাস্তির দাবি জানান।
মতামত