মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে দুইজনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এতে সাগর (২৪) ও সানাউল (১৮) নামক দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। চোর সন্দেহে মৃত দুইজনই বেঁদে সম্প্রদায়ের। এ ঘটনায় জড়িত থাকা ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতঘড়িয়া গ্রামের বিদুৎতের তাড় চুরি করার সময় হাতে-নাতে ধরে এলাকাবাসী। পরে দু'জনকে আটক করে বেঁধে গণপিটুনি দেয়া হয়৷ গণপিটুনিতে আশঙ্কাজনক অবস্থা হলে চিকিৎসার জন্য সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজন উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদের পুত্র সাগর ও একই গ্রামের শহিদুলের পুত্র সানাউল।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত চোরের উপদ্রব বেড়ে গিয়েছে। তাই গ্রামবাসী মিলে রাত জেগে গ্রাম পাহারা দিয়ে থাকেন। সাতঘড়িয়া খেলার মাঠ সংলগ্ন মল্লিক বাড়ি থেকে বিদুৎতের তাড় চুরির সময় দুইজনকে আটক করা হয়।
এদিকে, এ ঘটনায় দুপুরে গোয়ালীমান্দ্রার বেঁদে সম্প্রদায়ের শতাধিক লোক এলাকায় প্রবেশ করে বাড়ি ঘরে হামলা করেছে। এতে আতঙ্কে রয়েছে গ্রামবাসী।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চুরির সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ফেরদৌস (৩৮), শামীম (২২), শাওন (২১), ইয়াদুল (২৬) ও নাঈম (২৫) কে গ্রেফতার করা হয়। ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হত্যা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির দেশ রূপান্তরকে জানান, ঘটনার প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে নিহত দুজন হাতে না হাতে ধরা পড়েছে এমন কোনও তথ্য ও প্রমাণ পায়নি পুলিশ। নিহতদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে চুরির অপবাদ দিয়ে উত্তেজনার সৃষ্টি করে গণপিটুনি দেয়া হয়। এরপর মৃত্যু হয় তাদের।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, নিহতদের ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এরপর নিহতদের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে নেয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা।
মতামত