ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ঘৌড়দৌড় পদ্মাবতী পার্ক ও বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। একই সঙ্গে বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী তিন মাস ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
মতামত