লৌহজংয়ে তিন ফসলি জমিতে ‘পকেট কাটা’, ড্রেজার বাণিজ্যের প্রস্তুতি
* বর্ষা এলেই সক্রিয় সিন্ডিকেট
* কৃষিজমির শ্রেণী পরিবর্তনের অভিযোগ
* উদ্বিগ্ন কৃষক-স্থানীয়রা
* প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বর্ষা মৌসুম শুরু হতেই আবারও সক্রিয় হয়ে উঠেছে ড্রেজার সিন্ডিকেট। উপজেলার বিভিন্ন এলাকায় তিন ফসলি কৃষিজমিতে অবৈধভাবে ‘পকেট কেটে’ মাটি উত্তোলন, কৃষিজমির শ্রেণী পরিবর্তন এবং ড্রেজার বাণিজ্যের ব্যাপক প্রস্তুতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ একটি চক্র কৃষিজমি, খাল-বিল ও জলাশয় ভরাটের মাধ্যমে পরিবেশ ও কৃষি ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

আজ (০৭ জুলাই) মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার মেডিনীমণ্ডল, কুমারভোগ, কনকসার, খিদিরপাড়া, বেজগাঁও, গাঁওদিয়া, কলমাসহ অন্তত ১০টি ইউনিয়নে ড্রেজার সিন্ডিকেটের তৎপরতা বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকে কাজে লাগিয়ে কৃষিজমির মাঝখান থেকে গভীর গর্ত বা ‘পকেট’ কেটে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে শুধু একটি জমিই নয়, আশপাশের জমিগুলোও ভাঙন ও ক্ষতির ঝুঁকিতে পড়ছে।
আশরাফুল ইসলাম, পারভীন আলী, সামচুল হুদা নামক বেশ কয়েকজন কৃষক জানান, প্রথমে জমির মালিকদের মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখানো হয়। কেউ রাজি না হলে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। একটি জমিতে মাটি কাটার পর পাশের জমির মালিকরাও ক্ষতির আশঙ্কায় বাধ্য হয়ে কম দামে মাটি বিক্রি করেন অথবা ড্রেজারের মাধ্যমে জমি ভরাটে সম্মতি দেন। এভাবেই ধাপে ধাপে শত শত একর তিন ফসলি জমি কৃষি উৎপাদনের বাইরে চলে যাচ্ছে।
স্থানীয় দেলোয়ার হোসেন জানান, উপজেলার বিভিন্ন খাল, জলাশয় ও নদীপথে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের জন্য ইতোমধ্যে ড্রেজার বসানোর প্রস্তুতিও সম্পন্ন করেছে সংশ্লিষ্ট সিন্ডিকেট। প্রভাবশালী একটি মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে ড্রেজার ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনীয় অনুমোদন নিয়েই তারা ড্রেজার পরিচালনা করবেন।
গাওদিয়া, কনকসার, খিদিরপাড়ার ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, পাশের জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে তাদের জমিও এখন ঝুঁকিতে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও তারা কার্যকর কোনো প্রতিকার পাননি। বরং অভিযোগ করার কারণে ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে বলে দাবি তাদের।
প্রচলিত ভূমি আইন অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষিজমির শ্রেণী পরিবর্তন সম্পূর্ণ বেআইনি। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে কিংবা প্রভাব খাটিয়ে লৌহজংয়ের বিভিন্ন এলাকায় অবাধে কৃষিজমি ভরাট করা হচ্ছে। কোথাও আবাসন প্রকল্প, আবার কোথাও বাণিজ্যিক প্লট তৈরির প্রস্তুতি চলছে।
বেজগাও ইউনিয়নের সেলিম খন্দকার জানান, প্রতি বছর বর্ষা এলেই ড্রেজার সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও জরিমানা বা পাইপ অপসারণের কয়েক দিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায় অবৈধ কার্যক্রম। ফলে স্থায়ী নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা না থাকায় এসব কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, এই অঞ্চলের উর্বর কৃষিজমি আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। কিছু অসাধু চক্র ড্রেজার বাণিজ্যের নামে এসব জমি ধ্বংস করছে। ড্রেজার সিন্ডিকেট যত শক্তিশালীই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অবৈধ ড্রেজার উচ্ছেদে নিয়মিত টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, ড্রেজার বসানোর কোনো আইনি বৈধতা নেই। আইনবিরোধী এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে সাথে কৃষি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তনের অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
কৃষক ও স্থানীয়দের দাবি, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে লৌহজংয়ের তিন ফসলি কৃষিজমি দ্রুত কমে যাবে। এর নেতিবাচক প্রভাব পড়বে খাদ্য উৎপাদন, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর। তাই অবৈধ ড্রেজার বাণিজ্য, কৃষিজমির শ্রেণী পরিবর্তন এবং ‘পকেট কাটা’ বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা
মতামত