সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়েও তিন মাসব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে ভার্চুয়াল অংশগ্রহণ সভার আয়োজন করা হয়। এতে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, বাংলাদেশ স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনলাইনে যুক্ত হন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন।
একই সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ চত্বর এবং উপজেলার সব ইউনিয়ন পরিষদেও একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, তিন মাসব্যাপী এ অভিযান শুধু উদ্বোধনী কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং উপজেলার প্রতিটি গ্রাম ও এলাকায় ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
মতামত