শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে অসহায় ও দরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, লৌহজং উপজেলা শাখা। সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস ও অধ্যাপক ডা. রেখা রানী সাহার ব্যক্তিগত সহায়তা ও উদ্যোগে বরাবরের মতো এবারও উপজেলার ১০টি ইউনিয়নের অসহায় নারীদের মধ্যে পূজার উপহার হিসেবে এসব শাড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার ঝাউটিয়া রথখোলা মন্দির প্রাঙ্গণে শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সনৎকুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কুমার দে। শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য শংকর মৃধা, সহসভাপতি প্রদীপ দাস, সাংগঠনিক সম্পাদক মহাদেব রায়, সহসাংগঠনিক সম্পাদক নির্মল দাস, অর্থ সম্পাদক পুলিন সরকার, দপ্তর সম্পাদক রনি ভট্টাচার্য, সহদপ্তর সম্পাদক বিজয় ঘোষ, তেউটিয়া-লৌহজং শাখার সাধারণ সম্পাদক ডা. হরিসাধন দাস এবং কনকসার ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি মহাভারত পোদ্দার চয়নসহ উপজেলা ও ইউনিয়ন ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ এবং মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র নারীদের মধ্যে এ উপহার বিতরণ করা হবে। মহাষষ্ঠীর দিন সংশ্লিষ্ট ইউনিয়ন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ ইউনিয়নের প্রস্তুত করা তালিকা অনুযায়ী শাড়ি বিতরণ করবেন।
উৎসবের আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
মতামত