মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে ‘নজরুল বর্ষ’-এর সূচনা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন ও সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের স্তরভেদে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন পর্যায়ে নজরুল সংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ে চিত্রাঙ্কন, একক অভিনয় ও একক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাদ্রাসা পর্যায়ে হামদ, নাত, ইসলামিক গান ও গজল এবং কলেজ পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাখা হয়েছে রচনা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি লৌহজং কলেজের প্রভাষক মো. জাহিদুল ইসলাম। এ সময় সরকারি লৌহজং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
মতামত