বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে দেখা দিয়েছে প্রবল ঢেউ ও তীব্র স্রোত। এর প্রভাবে নদীর তীরবর্তী এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা। ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন উপজেলার বিভিন্ন গ্রামের সহস্রাধিক পরিবার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাব পড়েছে পদ্মা অববাহিকাতেও। গত কয়েকদিন ধরে নদীতে পানি বৃদ্ধি, প্রবল বাতাস ও বড় বড় ঢেউয়ের কারণে নদীতীরের বিভিন্ন এলাকায় ভাঙনের ঝুঁকি বেড়ে গেছে।
সরেজমিনে উপজেলার সিংহেরহাটি, নওপাড়া ও রাউৎগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, নদীর তীব্র স্রোতের আঘাতে তীররক্ষা বাঁধের বিভিন্ন স্থানে স্থাপন করা জিও ব্যাগ সরে গেছে এবং কোথাও কোথাও ধসে পড়েছে। ফলে নদীর পাড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় ভয়াবহ ভাঙন শুরু হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনই নদীর পাড় ভেঙে পড়ছে। বিশেষ করে রাতের সময় নদীর গর্জন ও প্রবল ঢেউয়ের শব্দে আতঙ্কে ঘুমাতে পারছেন না অনেকেই। পরিবার-পরিজন নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন কেউ কেউ। তাদের অভিযোগ, কয়েক বছর ধরে নদীভাঙনের শিকার হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি।
স্থানীয় কৃষকদের দাবি, নদীভাঙন শুরু হলে শুধু বসতভিটাই নয়, শত শত একর ফসলি জমিও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বহু পরিবার জীবিকা হারিয়ে মানবিক সংকটে পড়বে।
এলাকাবাসী পুতুল বেগম দাবি করে জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত অতিরিক্ত জিও ব্যাগ ফেলা, নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ জোরদার করা এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হোক। তারা বলেন, প্রতি বর্ষা মৌসুমেই একই আতঙ্কে থাকতে হয়। অন্য জায়গায় স্থায়ী বাঁধের কাজ চলছে আমাদের এ গ্রামগুলোতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে প্রতিবছরই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাঙনের আশঙ্কা বেড়ে গেলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।#
মতামত