মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী ও তার নবজাতক কন্যাশিশুকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রের বাড়ি এলাকার লাইফ এইড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায়, ওই নারী বেশ কিছুদিন ধরে লৌহজং উপজেলার চন্দ্রের বাড়ি বাসস্ট্যান্ড, বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে হঠাৎ প্রসব বেদনা উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের লাইফ এইড হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, কয়েকদিন ধরে ওই নারীকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তার গর্ভবতী হওয়ার বিষয়টি প্রথম তার নজরে আসে। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি খেয়াল রাখার অনুরোধ করেন। শুক্রবার সকালে সন্তান প্রসবের পর বিষয়টি পদ্মা সেতু উত্তর থানা, উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তার সঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে নবজাতকের জন্য গুঁড়ো দুধসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের লাইফ এইড হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নানের পরিবারের জিম্মায় তাদের দেখভালের ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে ওই নারীর পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া গেলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার দুপুরে তার ভাই সায়েম ও ভাবি মরিয়ম আক্তারের কাছে মা ও নবজাতককে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সি, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসার তালুকদার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রোকেয়া বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর মা ও নবজাতকের নিরাপত্তা এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে অভিভাবকদের সন্ধান পাওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মতামত